বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার দুর্গম চর থেকে অজ্ঞাত কিশোরের (১৪) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বুধবার (২৫ মার্চ) দুপুরের দিকে উপজেলার নাগরপুরের পাকশামাইজাল গ্রামের যমুনার চর থেকে লাশটি উদ্ধার করা হয়। চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) প্রবীর ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার দুপুরের দিকে যমুনা নদীর উল্লেখিত স্থানে মাছ ধরার সময় জেলেদের জালে অজ্ঞাত ওই কিশোরের লাশটি আটকা পড়ে।
এরপর জেলেরা লাশটি ওই চরে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন অংশ পঁচে বিকৃত হওয়া লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা ৪-৫ দিন আগে উজান থেকে ভেসে আসা লাশটি দীর্ঘ সময় পানিতে থাকায় বিভিন্ন অংশ পঁচে বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ অজ্ঞাত নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।