বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার গোঁজা ব্রিজের সন্নিকটে বুধবার সকালে দুইটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক হেলপার (২০) নিহত হয়েছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি সয়াবিন তেলবাহী ট্রাকের সাথে উল্লেখিত স্থানে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া থেকে আসা ধানের কুঁড়োবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ধানের কুঁড়োবাহী ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হামসপাতাল মর্গে পাঠিয়েছে।
দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।