বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় বরসহ ২ জন নিহত হয়েছে।
তারা হলো, সিরাজগঞ্জের সলংগা থানার নলকা বাজার এলাকার জহুরুল ইসলামের ছেলে রানা সেখ (১৫) বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় এবং তাড়াশ উপজেলার দুলিশ্বর গ্রামের তোজ্জামেল হকের ছেলে বর ফারুক তালুকদার (৩০) সড়ক দুর্ঘটনায় মারা যায়। তিনি ফরিদপুর জেলা সদরের টিএমএসএস’র শাখা ব্যবস্থাপক হিসেবে কমর্রত ছিলেন।
সলঙ্গা থানার ওসি তাজুল হুদা জানান, সোমবার বিকেলে রানা নলকা বাজার এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিল। এ সময় অসাবধানতার কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে মারা যায়।
এদিকে একই এলাকার দুলিশ্বর গ্রামের ফারুক তালুকদার গত বৃহস্পতিবার বিয়ে করে। রোববার সকালে নববধূকে একই এলাকার শ্শুড় বাড়ি দবিরগঞ্জে রেখে মোটরসাইকেল যোগে কর্মস্থল রাজবাড়ী যাওয়ার পথে বনপাড়া-নাটোর মহাসড়কে ট্রাকের সাথে ধাক্কা লেগে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।