বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা থেকে কাওয়াক মোড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এলাকাজুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এ
উচ্ছেদ অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই সড়কের কাওয়াক মোড় থেকে বেকু মেশিন দিয়ে রাস্তার দুপাশের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ মহাসড়কের (বাইপাস) রাস্তা চারলেনে প্রসস্থকরণ করা হবে। এ কারণে ওই সড়কের দুপাশে সওজ বিভাগের সরকারি জায়গায় সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।
এছাড়া শ্রীকোলা থেকে পাইকপাড়া পর্যন্ত আরো প্রায় ৩ কিলোমিটার রাস্তার দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা দখলমুক্ত করা হবে।
এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত রহমান। এ সময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল প্রামানিক, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল খালেকসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।