বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার কাহালুতে নির্মাণাধীন ব্রিজের গার্ডারের সাথে যাত্রীবাহী বাস ধাক্কা লেগে ফাহিমা বেগম (৪০) নামে এক যাত্রী মৃত্যুবরণ করেছে ।
এ সময় অন্তত ১০ জন আহত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে কাহালু উপজেলার দরগাহাট এলাকায় ভান্ডার জুটমিলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব পরিবহনের একটি বাস শুক্রবার দুপুরে বগুড়া থেকে জয়পুরহাটের ক্ষেতলালে যাচ্ছিল। বেলা সাড়ে ১২টার দিকে বাসটি কাহালুর দরগাহাট এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সেখানে নির্মাণাধীন ব্রিজের গার্ডারে ধাক্কা দেয়।
এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে যাত্রী ফাহিমা বেগম মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যান।
নিহত ফাহিমা বেগম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানিয়াপাড়া গ্রামের আফজাল হোসেনের স্ত্রী।
ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।