বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে আবারও বন্য হাতির আক্রমণে একজনের প্রাণ গেলো। নিহত ২১ বছর বয়সী যুবকের নাম অভিষেক পাল।
অভিষেক ঢাকা তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাপ্তাই-আসামবস্তী সড়কের কামাইল্যাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত যুবক অভিষেকের একই বিশ্ববিদ্যালয়ের বেড়াতে আসা বন্ধু সাদমান সোবহান উদয় জানান, তারা ৬ জন বন্ধু বৃহস্পতিবার সকালে কাপ্তাই প্রশান্তি পার্ক হতে সিএনজি যোগে রাঙ্গামাটির উদ্দেশে রওনা করলে সকাল ৯টার দিকে সড়কের মধ্যে ২টা হাতির মুখোমুখি হয় তারা।
সাদমান বলেন অভিষেক সিএনজি থেকে নেমে বনের দিকে দৌঁড়ে পালানোর সময় পেছনে পেছনে গিয়ে একটা হাতি তাকে পিষ্ট করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসার আগে পথিমধ্যে তার মৃত্যু হয়।
নিহত অভিষেকের বাবা সুধাংশু বিকাশ পাল চট্টগ্রামের একটা পোশাক কারখানায় চাকরি করে, তাদের গ্রামের বাড়ি লক্ষীপুরের রামগঞ্জ হলেও তারা পরিবার পরিজন নিয়ে ফেনীর মাস্টার পাড়ায় বসবাস করে বলে জানা যায়।
কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি জানান, হাসপাতালের আসার আগে তার মৃত্যু হয়।
বন বিভাগের কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কাপ্তাই-আসামবস্তী সড়কের কামাইল্যাছড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
গত ৭ মার্চ একই এলাকায় হাতির আক্রমণে একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়।
কাপ্তাই থানার ওসি মো: নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্য হাতির আক্রমণে এক কলেজ ছাত্রের নিহত হয়েছে। এই ব্যাপারে পরবর্তীতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
এদিকে বৃহস্পতিবার সকালে নিহতের লাশ দেখার জন্য উপজেলা সদর হাসপাতালে ছুটে যান কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও রফিকুজ্জামান শাহ ও কাপ্তাই থানার ওসি মো: নাসির উদ্দীন।