বাংলা হেড লাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বারইভাগ গ্রামে বিবাদমান জমির আমন ধান কাটাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ ২ যুবককে আটক করেছে। পুলিশ জানায়, উক্ত গ্রামের আবুল কালাম আজাদ গং ও সুরুত জামান গংদের মধ্যে ৬৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার বিকেলে আজাদ গংরা ওই জমিতে ধান কাটতে গেলে সুরুত জামান গংরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বাধা দেয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুজন (১৪) ও আল আমিন (৩০) ২ যুবককে আটক করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।