বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-কয়েলগাঁতী আঞ্চলিক সড়কের উত্তর সারটিয়া নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মোহাম্মদ আবু হুরায়রা সোহানের (১৬) মৃত্যু হয়েছে।
আবু হুরায়রা সিরাজগঞ্জ পৌর এলাকার শহীদগঞ্জ মহল্লার মোতালেব হোসেনের ছেলে এবং বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই পরিক্ষার্থী।
বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক সেখ এ তথ্য নিশ্চিতকরে জানান, সোমবার বিকেলে ওই তিন শিক্ষার্থী বন্ধু শহর থেকে মোটরসাইকেলযোগে গ্রামে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্লেখিত স্থানে একটি গাছের সাথে ধাক্কা দেয়।
এ ঘটনায় তারা গুরুতর আহত হয় এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই এসএসসি পরিক্ষার্থী সোহান মারা যায়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ জোহর পৌর এলাকার কেন্দ্রীয় রহমতগঞ্জ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
এদিকে সিরাজগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল ইসলাম বলেন, বিষয়টি তাদের অবহিত করা হয়নি। তবে থানা পুলিশ জেনেছে বলে তিনি উল্লেখ করেন।