বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার মাদলা ব্রীজ এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বেলাল হোসেন এ তথ্য দিয়েছেন।
নিহতরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের আলমাস হোসেনের ছেলে তানভীর হোসেন (২২) ও বগুড়া শহরের চেলোপাড়া এলাকার শ্রী খোকনের ছেলে শ্রী সাগর (২০)।
আহত সিরাজগঞ্জ সদরের ধল্লব এলাকার মৃত স্বপনের ছেলে আসাফুদ্দৌলা সনিকে (২৩) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা দেড়টার দিকে তানভীর, সাগর ও সনি একটি মোটরসাইকেলে বগুড়ার শাজাহানপুরের বনানী লিচুতলা থেকে দ্বিতীয় বাইপাস মহাসড়ক দিয়ে মাদলার দিকে যাচ্ছিলেন। দ্রুতগতিতে তারা মাদলা সেতুর কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা ট্রাক সামনে থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী তিনজন মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তানভীরকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে সাগর মারা যান।
কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই হাসান হাফিজার জানান, নিহতদের লাশ বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে আছে। দুর্ঘটনার পরপরই চালক-হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাক চালক ও হেলপারকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।