অবৈধ কাসিনোর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব শুক্রবার রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র ক্লাব ও ধানমন্ডি ক্লাবে অভিযান চালিয়েছে।
অভিযানে কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজসহ পাঁচজন আটক করা হয়েছে।
শুক্রবার রাতে র্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, কলাবাগান ক্রীড়াচক্রে অভিযানের সময় সাত প্যাকেট হলুদ রঙের ইয়াবা পাওয়া গেছে। বাংলাদেশে এ যাবৎকালে এ ধরনের ইয়াবা পাওয়া যায়নি। এ ইয়াবায় কোনো প্রকার গন্ধ নেই। এ নতুন আবিষ্কার।
এছাড়া অভিযানে একটা বিদেশি পিস্তলসহ তিন রাউন্ড গুলি পাওয়া গেছে। সন্ধ্যার সোয়া ৭টার দিকে ক্লাবটিতে অভিযান শুরু করা হয়।
ধানমন্ডি ক্লাবে অভিযান শেষে র্যাব-২ এর এসপি মো. শাহবুদ্দীন বলেছেন, রাজধানীতে ক্লাবের অন্তরালে মাদক, ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে চলা অভিযানের অংশ হিসেবে ধানমন্ডি ক্লাবে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু ক্লাবটি বন্ধ থাকায় দুয়েকজন স্টাফ ছাড়া কেউ ছিল না।
তিনি বলেন, এ ক্লাবের একটি বার রয়েছে। তবে ক্লাবটি বন্ধ থাকায় রেজিস্ট্রারের সঙ্গে বারের অনুমোদন অনুযায়ী লিকারের স্টক মিলাতে পারিনি। তাই র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম ক্লাবটির বার ২৪ ঘণ্টার জন্য সিলগালা করে দিয়েছেন।