বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে বৃহস্পতিবার সকালে ভটভটির চাপায় এক শিশু ও দুপুরে গাবতলীতে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। মোটর সাইকেল দুর্ঘটনায় আহত অপর দু’জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
নিহতরা হলেন-সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারি প্রামানিক পাড়ার লাভলু প্রামানিকের মেয়ে জান্নাতুল (৫) ও শাজাহানপুর
উপজেলার মালদা গ্রামের বাসিন্দা গাবতলীর তরণীহাট ডিগ্রি কলেজের প্রভাষক ইদ্রিস আলী (৫৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিশু জান্নাতুল বাড়ির কাছে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি গাছ বোঝাই ভটভটি তাকে পিস্ট করে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
অপরদিকে প্রভাষক ইদ্রিস আলী বৃহস্পতিবার দুপুরে মোটর সাইকেলে একজন সঙ্গিকে নিয়ে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পেরিরহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ইদ্রিস আলীসহ তিনজন আহত হন। স্থানীয়রা এদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন।
ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত অপর দু’জনের অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।