বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল শহরের কান্দাপাড়ায় যৌনপল্লীতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আজ দুপুর একটার দিকে ওই যৌনপল্লীর একটি ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এসময় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
যৌনপল্লীর নেত্রী মনোয়ারা বেগম জানান, দুপুরের দিকে একটি রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে উঠার আগেই তা আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এসময় আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেই। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আগেই আমাদের প্রায় অর্ধশতাধিক ঘরের সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরসহ প্রায় কয়েক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দর রাজ্জাক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩০টির মত ঘর ও ঘরের মালামাল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমান নিরুপনে কাজ চলছে। কাজ শেষে বিস্তারিত জানা যাবে।