বিএনপি সোমবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টন এলাকায় দলের কারাবন্দি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটি মশাল মিছিল বের করে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মশাল মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সন্ধ্যা ৬:৩০ মিনিটে বের হয়ে নয়াপল্টন-বিজয়নগর মোড় ঘুরে কার্যালয়ের সামনেই শেষ হয়।
মিছিলটি শেষ করার আগে সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন আপনারা (সরকার) অন্ধকার করেছেন গণতন্ত্রকে হত্যা করে, বাকস্বাধীনতাকে হত্যা করে ও গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করে রেখে।
সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন এই অন্ধকারের বিরুদ্ধে এই মশালের আলোতেই আমরা এই সরকারের পতন ঘটাবো।
গত বছরের ফেব্রুয়ারী মাসে ঢাকার একটি বিশেষ আদালত খালেদা জিয়াকে একটি দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড দিয়ে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন।