বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৩২) আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে শহরতলীর তিনমাথা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। রেল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করিয়েছে। বিকাল পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে বোনারপাড়া রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আকতারুন্নাহার লিপি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তি তিনমাথা রেলগেট এলাকায় ঘোরাফেরা করছিলেন। সান্তাহার ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ওই এলাকা অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে শরীর খন্ডবিখন্ড হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে সনাক্ত করা যায়নি। তার পরনে হাফপ্যান্ট, লুঙ্গি ও গেঞ্জি ছিল। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে
পাঠানো হয়। পরে সেখানে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ কর্মকর্তা আরো জানান, বিকাল ৪টা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।