বাংলা হেডলাইনস প্রতিনিধিঃ বগুড়া শহীদ চাঁন্দু ক্রিকেট স্টেডিয়ামের মাঠ, উইকেটসহ সকল প্রস্তুতি সম্পন্ন থাকলেও খেলোয়াড় ধর্মঘটের কারণে বৃহস্পতিবার ২১তম জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় রাউন্ডে বরিশাল বিভাগ ও ঢাকা মেট্রো দলের মধ্যে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। এ খবরে বগুড়ার ক্রিকেটপ্রেমীদের মাঝে হতাশা দেখা দিয়েছে।
বগুড়া শহীদ চাঁন্দু ক্রিকেট স্টেডিয়ামের অফিস সহকারি মারুফ আহমেদ সুমন জানান, গত ১০ অক্টোবর ২১তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) উদ্বোধন হয়েছে। গত ১৭ অক্টোবর বগুড়া স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের খেলায় ঢাকা মেট্রো ও সিলেট বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ২৪ অক্টোবর তৃতীয় রাউন্ডের খেলায় ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ দলের অংশগ্রহণের কথা। এ ম্যাচকে সামনে রেখে মাঠ, উইকেটসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ও আম্পায়ার মাহফুজুর রহমান লিটু, ইমরান পারভেজ রিপন ও মো: ওয়াহেদ এসেছেন। এখন খেলোয়াড়রা এলেই ম্যাচ অনুষ্ঠিত হবে।
ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, ক্রিকেট বোর্ডের নির্দেশমত সকল প্রস্তুতি নেয়া হয়েছে। কিন্তু ক্রিকেটারদের ধর্মঘটের কারণে বৃহস্পতিবারের ম্যাচ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে নিয়মানুসারে আম্পায়াররা সকালে মাঠে উপস্থিত থাকবেন। নির্ধারিত সময়ের মধ্যে খেলোয়াড় এসে পৌঁছালে খেলা হবে। অন্যথায় বোর্ড কর্মকর্তাদের নির্দেশ অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ দলের ম্যাচ উপভোগ করতে ক্রিকেটপ্রেমীরা প্রস্তুতি নিলেও ধর্মঘটের কারণে তারা হতাশ হয়েছেন। শহরের সেউজগাড়ি এলাকার শাওন, কাটনারপাড়ার রাশেদুল ইসলাম, ফুলবাড়ির শোভন, নামাজগড়ের রাশেদ সুলতান, কালিতলার সুজন প্রমূখ ক্রিকেটপ্রেমী জানান, বৃহস্পতিবারের খেলা উপভোগ করতে তারা প্রস্তুতি নিয়েছিলেন। কাজ ও লেখাপড়া ছেড়ে খেলার উপভোগ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ক্রিকেটারদের ধর্মঘটের কারণে ম্যাচ না হবার সম্ভবনা রয়েছে; তাই তারা হতাশ। তারা যে কোন মূল্যে বোর্ডের সাথে খেলোয়াড়দের দূরত্ব কমিয়ে ম্যাচের আয়োজন করতে সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন।