বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ আওয়ামী লীগ রাঙ্গামাটি পৌর শাখা বৃহস্পতিবার কাউন্সিলে মোঃ সোলাইমান চৌধুরীকে সভাপতি এবং মোঃ মনসুর আলিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে।
ত্রিবার্ষিক সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সোলাইমান ও মনসুর যথাক্রমে রাঙ্গামাটি পৌর ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার এমপি, সোলাইমান ও মনসুরের নাম সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।
এর আগে সকালে দীপংকর তালুকদার এমপি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।
রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিষ্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের আলোচনা সভার পরে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। পৌর ইউনিটের সভাপতি মোঃ সোলাইমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দীপংকর তালুকদার, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক মোঃ মুছা মাতব্বর সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।