বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালি মোড় নামকস্থানে শুক্রবার দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনস্টেবল রুবেল হোসেন (২৩) নিহত হয়েছেন। তিনি তাড়াশ উপজেলার দক্ষিণ মথুরাপুর গ্রামের আলতাফ হোসেন মাষ্টারের ছেলে।
তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রুবেল হোসেন বগুড়ার হাইওয়ে পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কর্মস্থল থেকে মোটর সাইকেলযোগে শুক্রবার দুপুরে স্ত্রীর জন্য বই কিনে নিয়ে বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বিকেলে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।