বাংলা হেডলাইনসঃ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সোমবার বলেন সম্প্রতি বিএনপি প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়ে যে প্রসঙ্গগুলো উল্লেখ করেছে শেখ হাসিনা তা সবই করেছেন।
‘নিজেরা (বিএনপি) এগুলো করেননি। অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা (বিএনপি) যে প্রসঙ্গগুলো অবতারণা করেছেন সবগুলো করেছেন,’ তথ্যমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দলের দুই নেতা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে দেন। চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ অক্টোবর ২০১৯ ভারত সফরকালে ভারত ও বাংলাদেশের সাথে চুক্তিসমূহের পূর্ণ বিবরণী অনতিবিলম্বে জাতীয় সংসদে এবং জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানান।
তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদকে অবহিত করেছেন এবং এমনকি প্রেস কনফারেন্স করে বলেছেন।
তিনি বলেন বেগম খালেদা জিয়ার (সরকারের) সময় ৭ টি চুক্তি হয়েছিল। বেগম খালেদা জিয়া দুবার ভারত সফর করেন।
তথ্যমন্ত্রী প্রশ্ন করেন ‘এই ৭ টি চুক্তি করে আসার পর বেগম খালেদা জিয়া কি রাষ্ট্রপতির সাথে দেখা করেছিলেন ? করেননি। এবং বেগম খালেদা জিয়া কি সংবাদ সম্মেলন করে জনসম্মুখে এইগুলো প্রকাশ করেছিলেন ? করেননি। বেগম খালেদা জিয়া কি পার্লামেন্টে বক্তৃতা করে এগুলো বলেছিলেন? বলেননি’।