বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ গতকাল সোমবার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় একটি আঞ্চলিক সংগঠনের আভ্যন্তরীন কোন্দলে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনায় নিহত ৩ জনের লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আজ মঙ্গলবার রাজস্থলী থেকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিহত ৩জনের লাশ নিয়ে আসা হয়। তবে এখনো পর্যন্ত নিহত ৩জন লাশের পরিচয় ও থানায় কেউ মামলা করতে আসেনি। ঘটনায় জড়িতদের ধরতে এলাকায় অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
রাজস্থলী থানার এস আই মোঃ শাহ আলম জানান, পুলিশ লাশ উদ্ধার করে রাতে রাজস্থলী থানায় নিয়ে আসে। তবে নিহতরা কোন গ্রুপের তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত স্বাপেক্ষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
গতকাল সন্ধ্যায় রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দুর্গম বালুমুড়া মারমা পাড়া এলাকায় আঞ্চলিক সংগঠন এর মধ্যে গোলাগুলির ঘটনায় ৩জন নিহত হয়।
এদিকে এই ঘটনায় এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে। এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান জোরদার করেছে।