বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ পেঁয়াজ, চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের চিহ্নিত করে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ ৩ দফা দাবিতে বাসদ বগুড়া জেলা শাখার উদ্যোগে শুক্রবার দুপুরে শহরের সাতমাথায় মনাববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাসদ বগুড়া জেলা আহ্বায়ক কমরেড অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে অন্যান্যের মধ্যে সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, জেলা সদস্য মাসুদ পারভেজ, দিলরুবা নুরী, রাধা রানী বর্মন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণার একদিন পরই দেশের বাজারে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। ২৫-৩০ টাকার পিঁয়াজ ৭০-৮০ টাকা হয়ে ২৫০ টাকা হয়েছে। অথচ সরকার বাজার সিন্ডিকেট ও মুনাফা লোভি ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ না করে জনগণকে কৃচ্ছতা সাধনের পরামর্শ দিচ্ছে।
মূল্যবৃদ্ধি কারসাজির সাথে যুক্ত সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। ইতিমধ্যে পেঁয়াজের সিন্ডিকেট ব্যবসায়ীরা গতদুই/আড়াই মাসে জনগণের পকেট থেকে ৪/৫ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অন্যদিকে পেঁয়াজের দাম নিয়ে সবাই যখন ক্ষুব্ধ-বিক্ষুব্ধ, তখন চাল, আদা, রসুন, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম বেড়েই চলেছে। এতে বক্তারা বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা ও মজুতদার, মুনাফাখোর পেঁয়াজ সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং গণবণ্টন ব্যবস্থা চালু, টিসিবিকে কার্যকর করে সারাদেশে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহের দাবি জানান। সেই সাথে সরকারি উদ্যোগে পেঁয়াজ সংরক্ষণের জন্য ফরিদপুর, পাবনা, বগুড়া, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট এলাকাতে পর্যাপ্ত হিমাগার নির্মাণ করার দাবি জানান।