বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ইউনিয়নে সরকারি গুদাম ও ক্রয়কেন্দ্র থাকলে কৃষকদের লোকসান গুনতে হবে না।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ শহরের মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে আয়োজিত একগণসমাবেশে মুজাহিদুল ইসলাম এসব কথা বলেন। দুর্নীতি-লুটপাট-সন্ত্রাস-সাম্রাজ্যবাদ-সাম্প্রদায়িকতা রুখতে ভাত ও ভোটের দাবিতে এই গণসমাবেশের আয়োজন করে জেলা সিপিবি।
সিপিবির সভাপতি সেলিম বলেন আজ কৃষকদের পানির দরে ফসল বিক্রি করতে হয়। ইউনিয়নে সরকারি গুদাম ও ক্রয়কেন্দ্র থাকলে কৃষকদের লোকসান গুনতে হবে না। পেঁয়াজের কারবারে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ৬-৭ হাজার কোটি টাকা মানুষের পকেট কেটে নিয়েছে। দেশের বাজেটের শতকরা এক ভাগের অর্থ দিয়ে ইউনিয়ন পর্যায়ে সংরক্ষণাগার তৈরি করে কৃষকের সমস্যা সমাধান করা যেতে পারে।

জেলা সিপিবি নেতা আবুল ইসলাম শিকদারের সভাপতিত্বে ও জেলা সিপিবির সহসাধারন সম্পাদক আরশেদ আলীর সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য দেন, সিপিরি প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল-ক্বাফী, কৃষক নেতা মোনাই গাঙ্গুলী, সিপির কেন্দ্রীয় নেতা আজাহারুল ইসলাম, জেলা সিপিবির সাধারন সম্পাদক মজিবর রহমান প্রমূখ। গণসমাবেশে উপস্থিত ছিলেন জেলা সিপিবির সভাপতি নূরুল ইসলাম এবং মিজানুর রহমান। গণসমাবেশ শেষে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গণসমাবেশস্থলে গিয়ে শেষ হয়।