বাংলা হেডলাইনস: ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন আন্দোলনের নামে নৈরাজ্য হলে সমুচিত জবাব দেওয়া হবে।
অপরদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সকল মানুষকে ঐক্যবদ্ধ করে এই সরকারকে সরে যেতে বাধ্য করতে হবে।
দুই দলের দুই শীর্ষ নেতা শুক্রবার রাজধানীতে দুইটি পৃথক অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন বিএনপি আদালত মানে না, আইনের শাসন মানে না, বিচার মানে না, সালিশ মানে না। আদালত প্রাঙ্গণে পর্যন্ত তারা খালেদা জিয়ার মুক্তির জন্য পুলিশের উপর হামলা করেছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে ।
তিনি বলেন আদালত প্রাঙ্গণকে রণাঙ্গনে পরিণত করেছে। আন্দোলনের নামে নৈরাজ্য হলে সমুচিত জবাব দেওয়া হবে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদেরকে আজকে দলমত নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। এই যে একটা দানবের মত সরকার সব কিছু তছনছ করে দিচ্ছে, এই সরকারকে সরে যেতে বাধ্য করতে হবে।
জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
গত মঙ্গলবার বিএনপির নেতাকর্মীরা সুপ্রিমকোর্ট এলাকায় দলের কারাবন্দি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করে এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে বিক্ষোভ কারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে বলে জানা যায়।