বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ ২ ডিসেম্বর রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২২তম বর্ষপূর্তি পালিত হয়েছে। এই উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আলাদা ভাবে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিষ্টিটিউট প্রাঙ্গণে পার্বত্য শান্তিচুক্তির ২২বছর পূর্তি উপলক্ষে রাঙ্গামাটি কলেজ থেকে এক বর্নাঢ্য র্যালি বের করা হয়। পরে ইনিষ্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার। জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার আলমগীর কবির, আঞ্চলিক পরিষদের সদস্য হাজ্বী কামাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, এম এন লারমা মেমোরিয়াল ট্রান্সের সভাপতি বিজয় কেতন চাকমা। এছাড়া সভায় জনসংহতি সমিতির অন্যান্যরা বক্তব্য রাখেন।

রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিষ্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার এই পার্বত্য শান্তি চুক্তি করেছে এ সরকারই তার অধিকাংশই বাস্তবায়ন করেছে। সরকার ভূমি কমিশন আইন পাশ করেছে। শান্তিচুক্তি বাকি অংশগুলোও দ্রুত বাস্তবায়ন হবে। তবে এর জন্যে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।
অন্যদিকে রাঙ্গামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের সদিচ্ছা না থাকায় গত ২২ বছরেও ওই চুক্তি পুরোপুরি বাস্তবায়ন হতে পারেনি-যার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। পার্বত্য চুক্তির পূর্ণবাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে অশান্তি সৃষ্টি হয়েছে।
এ ছাড়া বিকালে রাঙ্গামাটি চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে রাঙ্গামাটি জেলা পরিষদ ও রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।