বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় সাবেক্ষং ইউনিয়নের এগইজ্যাছড়ায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের কমান্ডার শুভ চাকমা গ্রীক (৪০) নিহত হয়েছে। আজ সকাল সাড়ে ৭ টায় উপজেলার সাবেক্ষং ইউনিয়নের এগইজ্যাছড়ায় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরাও শুনেছি সকালের দিকে এগইজ্যাছড়ি গ্রামে দুর্বৃত্তের গুলিতে ১জন নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে রওনা হয়েছে। তবে কোন পক্ষ এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে তা কেউ বলতে পারছে না।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি পর একটি গ্রুপ এলাকায় অবস্থান নেয়। আজ সকালে ৭/৮ জনের একটি গ্রুপ নানিয়ারচর লংগদুর সীমান্তবর্তী এগইজ্যাছড়ি এলাকায় ঢুকে ইউপিডিএফ এর কমান্ডার শুভ চাকমা গ্রীককে গুলি করে পালিয়ে যায়। এদিকে এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।