বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় কলেজ ট্রেনে কেটে বাবলু মন্ডল (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার চকবোচাই এলাকায় তিনি কাটা পড়েন। রেল পুলিশের ধারণা , তিনি অসাবধানতাবশত: ট্রেন থেকে পড়ে গেলে ডান হাত বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বগুড়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির এএসআই আক্তারুন্নাহার লিপি জানান, নিহত বাবলু মন্ডল সোনাতলা উপজেলার গড়ফতেপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সোনাতলা স্টেশন থেকে ট্রেনে বগুড়া শহরে মেয়ের বাড়িতে আসছিলেন। ট্রেন পার্শ্ববর্তী গাবতলীর চকবোচাই এলাকা অতিক্রম করার পর তার ডান হাত বিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বেলা সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্ত ছাড়াই আত্মীয়-স্বজনের কাছে লাশ বুঝে দেয়া হয়েছে। পুলিশ কর্মকর্তার ধারনা, বাবলু মন্ডল ট্রেন থেকে পড়ে গিয়ে কেটে মারা গেছেন। এ ব্যাপারে রেলের বোনারপাড়া থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।