বাংলা হেডলাইনস বগুড়া: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বগুড়া শহরের সাতমাথায় জেলা কমিটির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ধনঞ্জয় বর্মনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বাসদের সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সভাপতি শ্যামল বর্মন, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ শাখার আহ্বায়ক মুক্তা আক্তার মীম, সরকারি আজিজুল হক কলেজ শাখার সদস্য সচিব নিয়তি সরকার, বিকাশ রায় প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ১৯৮৪ সালের ২১ জানুয়ারি স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে প্রতিষ্ঠিত এই সংগঠনের জন্মলগ্ন থেকেই সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার ও একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই করে আসছে।
শিক্ষার সংকট নিরসনে স্কুলের ১০ দফা দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ দফা দাবিতে আন্দোলন পরিচালনা করে আসছে। সেই আন্দোলনে নেতৃবৃন্দ ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।