বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ভাগ্যধন চাকমা (৩৬) নামের এক পাহাড়ি যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সাজেক ইউনিয়নের নাঙ্গলমারা নামক এলাকায় নিজ বসতঘর থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয় বলে জানান নিহতের পরিবার।
নিহতের স্ত্রী জবারাণী চাকমা (২৭) জানিয়েছে, ভোররাতে ৭/৮ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে আমার স্বামীকে ঘর থেকে ডেকে রাস্তা দেখিয়ে দিতে নিয়ে যায়। এরপর রাতে আর সে বাসায় ফিরে আসেনি।
তিনি জানান, ভোরে ঘুম থেকে উঠে স্বজনদের ঘটনাটি বলার পর স্বামীকে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুরে বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরের জঙ্গলে ভাগ্যধনের লাশ পড়ে থাকতে দেখেস্বজনরা। তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসরাফিল জানিয়েছেন, মঙ্গলবার সকালে ভাগ্যধন চাকমার লাশ দেখতে পেয়ে দুপুরে পুলিশে খবর দেয় এলাকাবাসী। মরদেহ উদ্ধার করতে পুলিশ বিকেলের দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার বিকেল পর্যন্ত সাজেক থানায় কেউই কোনো অভিযোগ দায়ের করেনি বলেও জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।