বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটি পৌর ৮নং ওয়ার্ড যুবলীগ থেকে বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে যুবলীগ থেকে বহিস্কার হওয়া সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন।
বুধবার রাঙ্গামাটি রিপোর্টাস ইউনিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বহিস্কৃত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, গত ১৩ জানুয়ারি রাঙ্গামাটি পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুল ওহাব খাঁন শিবলী স্বাক্ষরিত বহিস্কারাদেশ চিঠিতে আমার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্রের নিয়ম শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ডে লিপ্ত রয়েছি। যুবলীগ রাঙ্গামাটি পৌর শাখার সভাপতির অনুমতিক্রমে বহিস্কারাদেশ জারি করা হয়েছে। তাই আমি এই বহিস্কারাদেশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
নাসির উদ্দিন বলেন, কতিপয় প্রভাবশালী ব্যক্তি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক কাল্পনিক অভিযোগ করে আমাকে ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদকের পদ ও দল থেকে স্থায়ী বহিস্কার করা হয়েছে।
তিনি বলেন অপরাধ সর্ম্পকে নিশ্চিত হলে শাখার সভাপতি বা সাধারণ সম্পাদক কারণ দর্শানো নোটিশ বা পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান বা সদস্য পদ সাময়িক স্থগিত করে অভিযোগের বিবরণ ও অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ বিষয়টি কেন্দ্রীয় কমিটিতে পাঠানো নিয়ম আছে। সংগঠন থেকে বহিস্কারের এখতিয়ার প্রেসিডিয়ামের সুপারিশ মোতাবেক সংগঠনের চেয়ারম্যার সংরক্ষণ করেন। বহিস্কারাদেশ বিষয়ে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব খান কোন ধরনের সাংগঠনিক সভা না করে ও রেজুলেশন না করে এবং সভাপতি আবুল খায়ের রাফি’র স্বাক্ষর ব্যতীত একক সিদ্ধান্তে আমাকে বহিস্কার করা হয়। এমনকি আমার বিরুদ্ধে আনা অভিযোগের কারণ দর্শানোর কোন নোটিশও আমাকে দেয়া হয়নি। শুধুমাত্র ব্যক্তিগত ঈর্ষার বশবর্তী হয়ে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই সাংগঠনিক গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে গায়ের জোড়ে আমাকে অন্যায়ভাবে স্থায়ী বহিস্কার আদেশ দেয়া হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে কথিত বহিস্কারের খবর ছাপিয়ে আমাকে পরিবার, সংগঠন, সমাজ তথা রাষ্ট্রীয় ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।
তাই আমার বহিস্কারদেশ প্রত্যাহারসহ আমাকে স্ব-পদে বহাল রাখতে যুবলীগের কেন্দ্রীয় কমিটির নিকট জোর দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে পৌর ৮নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি আবছার, ৮নং ওয়ার্ড যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আতাউর, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ শফি, ৮নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মাহবুব ও ৮নং ওয়ার্ড যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক রতন গোমেজ উপস্থিত ছিলেন।