বাংলা হেডলাইনস বগুড়া: ক্রিকেট বিশ্বকাপ জয়ী অনুর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় তানজিদ হাসান তামিম ও তৌহিদ হৃদয়কে বগুড়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তারা শহরের বনানীতে পৌঁছলে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জাতীয় পতাকা উড়িয়ে ও শ্লোগানের মধ্য দিয়ে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে তাদের মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় নেয়া হয়।
ক্রিকেটপ্রেমিরা বগুড়ার দুই কৃতি খেলোয়াড়কে পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। অনেকে তাদের সাথে সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তামিম ও হৃদয়কে মিস্টিমুখ করানো হয়। এ সময় বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব শেখ, সদস্য পৌর কাউন্সিলর আরিফুর রহমান আরিফ, শহিদুল ইসলাম স্বপন, জাকিয়া সুলতানা আলেয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছার জবাবে তামিম বলেন, আমরা এ বিজয়ে খুব আনন্দিত। এ বিজয় শুধু আমাদের নয়; দেশের ১৬ কোটি মানুষের। তিনি আরো বলেন, তাদের ক্রিকেট গুরু, বগুড়ার সাবেক ক্রিকেটার মোসলেম উদ্দিনের মৃত্যুতে শোকাহত। তামিম সকলের কাছে মরহুম কোচ মোসলেম উদ্দিনের জন্য দোয়া ও মহান আল্লাহর দরবারে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আরো বলেন, আমরা বগুড়ার ক্রিকেটার ও ক্রীড়া সংগঠকদের নিয়ে তার জন্য দোয়ার আয়োজন করবো।
বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, শিগগিরই জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে কৃতি ক্রিকেটার তামিম ও হৃদয়কে গণসংবর্ধনা দেয়া হবে। বগুড়া জিলা স্কুলের সাবেক ছাত্র তামিমের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের ফাজিলপুর গ্রামে। বগুড়া পুলিশ লাইন্স স্কুলের সাবেক ছাত্র হৃদয়ের বাড়ি গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের নাংলু গ্রামে। ছোটবেলা থেকে হৃদয় শহরের নাটাইপাড়ায় এবং তামিম সেউজগাড়িতে পরিবারের সাথে বসবাস করেন। এছাড়া তামিম বগুড়ায় প্রথম ডিভিশন ক্রিকেট লিগে মুনস্টার ক্লাব ও হৃদয় প্রিমিয়ার ডিভিশন লিগে স্পোটস জোনের হয়ে খেলেন।