বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আজ বুধবার শুরু হয়েছে অমর একুশে বই মেলা।
উদ্বোধনের পর বই কিনতে ইচ্ছুক বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও বই মেলাতে ভিড় হতে দেখা যায়। আগত দর্শনার্থীরা নতুন বইয়ের খোঁজ নিয়েছেন। এক স্টল থেকে অন্য স্টলে ঘুরছেন আর চোখ বুলাচ্ছেন মজার সব বইয়ের পাতায়। কিনছে নিজেদের পছন্দনীয় বিভিন্ন শিশুতোষ বই।
মেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও ভাষা আন্দোলনের বইসহ শিশু-কিশোরদের সায়েন্স ফিকশন, ভূতের গল্প, কৌতুক এবং ছড়াসহ নানা ধরণের বই মেলায় স্থান পেয়েছে। বই মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বই মেলার উদ্বোধন করেন, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য সচিব মোঃ জাকির হোসেন আকনদ। উদ্বোধনের পর বই মেলাতে অংশ নেওয়া ১৬টি স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দসহ উপস্থিত সকলেই।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হুদা, মাদক দ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুল হামিদ, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, কৃষি কর্মকর্তা প্রবন কুমার চাকমা ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার প্রমূখ।