বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূয়াপুরে ৯৭০ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার গোবিন্দাসী নৌঘাট থেকে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়।তবে পালিয়ে গেছে ফেন্সিডিল বহনকারী প্রাইভেটকারেরে চালক।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ট্র্যাফিক সার্জেন্ট ওয়ালিদ বলেন উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ফেন্সিডিল বহনকারী প্রাইভেটকারেরে (রাজ মেট্রো-ভ-০২-০০২৮) চালককে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বরে সিগন্যাল দেওয়া হয়। সিগন্যাল অমান্য করে গাড়িটি চত্বর ঘুরিয়ে দ্রুত ভূয়াপুরের দিকে যেতে থাকে।
পরে তার পিছু নিলে ভূয়াপুর সড়কের সিরাজকান্দি বাজারে ওই প্রাইভেটকারেরে চালক ব্যাটারি চালিত অটোরিক্সাকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে গোবিন্দাসীর নৌকা ঘাট যমুনা নদীর তীরে চলে গিয়ে থেমে যায়। পরে ভূয়াপুরে থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রাইভেটকার আটক করা গেলেও চালক পালিয়ে যায়।

প্রাইভেটকার ও ফেন্সিডিল উদ্ধারের বিষয়ে ভূয়াপুর থানার অফিসার-ইন-চার্জ মোঃ রাশিদুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় গোলচত্বর এলাকায় কর্তব্যরত ছিলেন সেতুপূর্ব থানার সার্জেন্ট ওয়ালিদ। এ সময় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা প্রাইভেটকার ও প্লেট নাম্বার দেখে সন্দেহ হলে সিগন্যাল দেয়ার পরও তা অমান্য করে চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় গোবিন্দাসী নৌকা ঘাট থেকে আটক করা হয়। তার আগে ফেন্সিডিলবহনকারী প্রাইভেটকারের চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে সার্জেন্ট ওয়ালিদ বাদী হয়ে ভূয়াপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন বলে ওসি রাশিদুল ইসলাম আরও জানান।