বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর মান্দায় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশের দুই কর্মীকে ছুরিকাঘাত করে মোটরবাইক ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার বিকেল ৫টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় আব্দুস সাত্তারের আমবাগানের নিকট এ ঘটনা ঘটে।
এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই বিকাশ কর্মী আহত হয়েছেন। এরা হলেন নওগাঁ সদর উপজেলা চকদেব ডাক্তারপাড়া এলাকার আব্দুল ওয়াহেদের ছেলে শামীম হোসেন (৩৫) ও হাঁপানিয়া এলাকার ইসাহাক আলীর ছেলে জাহিদ হাসান (২৭)। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, আহত দুই বিকাশ কর্মী মাঠ থেকে টাকা সংগ্রহ করে নওগাঁ শহরে ফিরছিলেন। পথে উল্লেখিত স্থানে চারজন মুখোশধারী যুবক তাদের পথরোধ করে সংগ্রহকৃত টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় বিকাশ কর্মীদের সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে বিকাশ কর্মীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাদের ছুরিকাঘাত করে মোটরবাইক নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা।
পরে আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’