বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটির বন্দুকভাঙ্গার ইউনিয়নের সাক্রাছড়ি এলাকায় আইন-শৃংখলা বাহিনীর সাথে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ ভোরে বন্দুকভাঙ্গা ইউনিয়নের সাক্রাছড়ি এলাকায় আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত টহল দলের সাথে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে অর্পণ চাকমা নামে একজন নিহত হয়।
নিহত ব্যক্তি নানিয়ারচর উপজেলার আলোচিত চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি অর্পন চাকমা। এসময় তার কাছ থেকে একটি বিদেশী এবং একটি দেশীয় অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিউল্ল্যাহ সত্যতা স্বীকার করে জানান, গুলি বিনিময়ের ঘটনার খবর শোনার পর লাশ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখানে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তি কোন গ্রুপের সদস্য তা তিনি জানাতে পারেননি।

এদিকে বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরুন কান্তি চাকমা জানান, ভোরে সাক্রাছড়ি এলাকায় বন্দুক যুদ্ধের আওয়াজ শুনেছি, তবে কার সাথে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে তা জানিনা।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩ মে চাঞ্চল্যকর নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যাকান্ডের অন্যতম প্রধান এজাহারভুক্ত আসামি অর্পন চাকমা বলে জানা গেছে।