বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তরা সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখার ব্যবস্থাপক মতিউর রহমান (৫০) ও সিনিয়র অফিসার আতাউর রহমানকে (৪৫) ছুরিকাঘাত করে নগদ টাকা ও ব্যাংকের চাবি ছিনিয়ে নিয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার জোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তাদের দু’জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ব্যাংকের শাখায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও ব্যাংকের ঋণ শাখার কর্মকর্তা গৌতম কুমার জানান, সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখার ব্যবস্থাপক মতিউর রহমান ও সিনিয়র অফিসার আতাউর রহমান মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শহর থেকে মোটরসাইকেলে কার্যালয়ের দিকে যাচ্ছিলেন।
সকাল পৌণে ৯টার দিকে তারা শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজ এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে পৌঁছেন। এ সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। তারা দুই ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা নগদ ১০ হাজার টাকা, ব্যাংকের চাবির ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
মহাসড়কে প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও পথচারী ও অন্য যানবাহনের যাত্রীরা তাদের রক্ষায় এগিয়ে আসেননি। পরে এলাকাবাসীরা রক্তাক্ত দুই ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেন।
ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল জানান, দুর্বৃত্তরা ব্যবস্থাপকের পেট ও উরুতে এবং সিনিয়র কর্মকর্তার ঘাড়ে ছুরিকাঘাত করেছেন। তারা শজিমেক হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, চাবি চুরি হওয়ায় সোনালী ব্যাংকের ওই শাখার নিরাপত্তা জোরদার করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যাংকে আসা জনগণের প্রতি নজরদারি করা হচ্ছে।