বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় রোববার থেকে আগামী ৬ জুন পর্যন্ত জেলার সকল মার্কেট ও বিপণী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার বগুড়ার জেলা প্রশাসকের সাথে পুলিশ সুপার, সিভিল সার্জন, সেনাবাহিনীর প্রতিনিধি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বগুড়া চেম্বারের সহ-সভাপতি মাফুজুল ইসলাম রাজ এর সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি মাফুজুল ইসলাম রাজ জানান, শনিবার দুপুরে জেলা প্রশাসকের সাথে বৈঠকে করোনাভাইরাস বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
এর প্রেক্ষিতে রোববার সকাল থেকে আগামী ৬ জুন পর্যন্ত জেলার সকল মার্কেট ও বিপণী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং ওষুধের দোকান খোলা থাকবে।
সভায় ঈদ পরবর্তী বগুড়ায় করোনা পরিস্থিতি, স্বাস্থ্যবিধি মেনে চলা, কাঁচাবাজার বিকেন্দ্রীয়করণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বগুড়ার ব্যবসায়ী, কর্মচারী ও ক্রেতার কথা বিবেচনায় ঈদের আগে সকল মার্কেট ও বিপণী বিতান খোলা হয়েছিল। বর্তমানে বগুড়ায় করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী নেতৃবৃন্দ সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে মার্কেট ও বিপণী বিতান বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছেন।
জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রস্তাবের প্রেক্ষিতে আগামী সাতদিন মার্কেট ও বিপণী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।