বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরে ভাত খাওয়ার নামে বোকা বানিয়ে হাতিয়ে নেয়া গাড়ি ও আই পিএস এ ব্যবহারের ব্যাটারী এবং ব্যাটারী বিক্রয় করা প্রায় সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এসময় ৪ প্রতারককে গ্রেফতার এবং চুরির কাজে ব্যবহুত ট্রাকটি জব্দ করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে গ্রেফতারকৃত আসামীরা হলো যশোর জেলার বেনাপোল থানার নারায়ণপুর গ্রামের ট্রাক চালক বাদশা সরদার (২২), ঢাকা জেলার আশুলিয়া থানার কুরগা এলাকার শাকিল (৩৪), ফরিদপুর জেলার মধুখালী থানার দাড়িরপাড়া এলাকার মোঃ বাবলুর রহমান (৩৮), নীলফামারি জেলার ডিমলা থানার নিজসুন্দরখাতা গ্রামের আলমগীর হোসেন (২৭)।
তাদের সাথে হেলপারসহ আরও ২জন জড়িত। তাদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার শ্রীপুরের মাওনা চৌরাস্তার বেঙ্গল বি লিমিটেড কোম্পানীর ফ্যাক্টরী হতে ১২লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ১৫০টি ব্যাটারী কোম্পানীর কর্মচারী কাউসার হোসেনের মাধ্যমে ট্রাকযোগে গত ২৪ জুন বুধবার রাতে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়।
যাত্রা পথে কোম্পানীর প্রতিনিধি হিসেবে কাউসার হোসেন, ট্রাকের ড্রাইভার ছাড়াও ছিল চালকের এক সহকারী।
ট্রাকটি মাওনা থেকে রওনা করে রাত প্রায় ১০টার দিকে কালিয়াকৈরের চন্দ্রাতে পৌঁছায়। তখন ড্রাইভার বাদশা সরদার কোম্পানীর প্রতিনিধি কাউসার এর কাছে হোটেলে ভাত খেতে চায়।
সরল বিশ্বাসে কাউসার ট্রাকের চালককে নিয়ে তারা দুইজনে চন্দ্রার বরিশাল হোটেলে ভাত খেতে যায়। কিন্তু চালকের সহকারী ট্রাকেই অবস্থান করে।
হোটেলে সামান্য খাওয়ার পর ট্রাকের চালক ভাতের মধ্যে পোকা আছে, তাই সে ভাত খাবে না বলে হাত ধুয়ে হোটেলের বাইরে চলে যান। কিন্তু বিশ্বাসী কাউসার তখনো ভাত খেতে থাকে।
এর কিছুক্ষণ পরই ট্রাকের চালক ট্রাক চালু করে সহকারী সহ দ্রুত ট্রাক নিয়ে টাঙ্গাইলের দিকে চলে যায়। এই ঘটনার পরদিন ২৫ জুন কালিয়াকৈর থানাতে মামলা রুজু হয় ।
থানায় মামলা দায়েরের পর গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মোঃ আহসানুজ্জামান এবং কালিয়াকৈর থানার এসআই ভজন চন্দ্র রায় সঙ্গীয় অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে যৌথভাবে বিভিন্ন স্থানে টানা অভিযান পরিচালনা করে।
টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকার আশুলিয়া ও সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভাত খাওয়ার কথা বলে
প্রতারণা করে ও বোকা বানিয়ে ব্যাটারী চুরির সাথে সরাসরি জড়িত চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে চুরি করা ৫৫টি ব্যাটারী, ব্যাটারী বিক্রয় করে প্রাপ্ত ৩ লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া চুরির কাজে ব্যবহৃত ট্রাক (নম্বর- ঢাকা মেট্রো ন-১৭-৬২৯) জব্দ করা হয়েছে।