বাংলা হেডলাইনস: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে বুধবার ভোরে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সাহেদের বিরুদ্ধে মানুষকে ভুয়া করোনা পরীক্ষার সনদ প্রদানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা জেলার দেবহাটার শাকরা সীমান্ত এলাকা থেকে তাকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ সাংবাদিকদের জানান, সাতক্ষীরা সীমান্ত পার হওয়ার প্রাক্কালে গুলি ভর্তি একটি অবৈধ পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তিনি ছদ্মবেশে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। সেখান থেকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে দুপুরে র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।