বাংলা হেডলাইনস বগুড়া : মসজিদ ও ওয়াজ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি, রাষ্ট্রবিরোধী প্রচার-প্রচারণা ও সাম্প্রদায়িক উষ্কানীমূলক বক্তব্য এবং ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে জামায়াত সমর্থক মাওলানা আবদুর রহমান দিদারীকে (২৭) গ্রেফতার করা হয়েছে।
শেরপুর থানা পুলিশ শুক্রবার রাতে শেরপুরের বাগড়া কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।
এর আগে কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী সঞ্জু তার বিরুদ্ধে মামলা করেন।
শনিবার সকালে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এ তথ্য দিয়েছেন।
তিনি জানান, তাকে আদালত হাজির করে সাতদিনের রিমান্ড চাওয়া হবে।
ব্রিফিংএ পুলিশ কর্মকর্তা জানায়, জামায়াতে ইসলামীর সমর্থক মাওলানা আবদুর রহমান দিদারী বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ধুন্দার গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।
কট্টর মৌলবাদী এ মাওলানা শেরপুরের কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনী জামে মসজিদের পেশ ইমাম। মসজিদে ইমামতি ও ওয়াজ মাহফিল তার পেশা। তিনি সরকারের বিরুদ্ধাচারণে সোচ্চার।
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর যাবজ্জীবন কারাদন্ড হবার পর তিনি আরো ক্ষুব্ধ হয়ে উঠেন।
এরপর থেকে সরকারের বিরুদ্ধে আক্রমনাত্মক, আপত্তিকর ও মানহানীকর বক্তব্য প্রচার করতে থাকেন। মসজিদে ও ইসলামী জালসায় সরকারের বিরুদ্ধে উষ্কানীমূলক বক্তব্যের পাশাপাশি তার ফেসবুক আইডি ‘মাওলানা আবদুর রহমান দিদারী’ থেকে প্রধানমন্ত্রী ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন এমন আপত্তিকর ও মানহানীকর পোস্ট করেন।