বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার কাহালুতে বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালত বিএসটিআই’র অনুমোদনহীন চানাচুর ও সেমাই কারখানায় অভিযান চালিয়ে চার কর্মচারিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন।
এ সময় কারাখানা দুটি সিলগালা ও নয় লাখ টাকা মূল্যের মালামাল ধ্বংস করা হয়েছে।
বিএসটিআই’র পরিদর্শনকারী কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ শুক্রবার সকালে এ তথ্য দিয়েছেন।
জানা গেছে, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুমোদন ছাড়া বিভিন্ন মালামাল তৈরি এবং বাজারজাত করার খবর পান।
কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে র্যাব ও পুলিশ সদস্যদের নিয়ে মুরইল এলাকায় মুরসালিন ফুড প্রোডাক্টসে অভিযান চালান।
কারখানায় বিএসটিআই’র অনুমোদন ছাড়াই লোগো সম্বলিত চানাচুর, জুস, আইস ললিসহ বিভিন্ন পণ্য পাওয়া যায়।
প্রতিষ্ঠানের মালিক সাজ্জাদ হোসেন পালিয়ে গেলে ম্যানেজার রিতা আকতার, কর্মচারী কাউসার হোসেন, আবদুল ওয়াহাব ও খায়রুল ইসলামকে আটক করা হয়। আদালত তাদের এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাস করে জেল দেন।
তারা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান।
এ প্রতিষ্ঠান থেকে জব্দ করা প্রায় নয় লাখ টাকা মূল্যের পণ্য আগুন দিয়ে ধ্বংস করা হয়। কারখানাটি সিলগালা করা হয়েছে।
পরে আদালত কাহালুর পৌরপার্ক এলাকায় অনুমোদনহীন আরিফ লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালান। আদালত মালিক আরিফুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া কারখানা সিলগালা করে দেয়া হয়।
অভিযানে এনএসআই’র কর্মকর্তা, বিএসটিআই’র পরিদর্শনকারী কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ, জুলফিকার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।