বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : রিশান গ্রুপের চেয়ারম্যান ডিজে শাকিল ও তার দুই সহযোগীকে প্রতারণার অভিযোগে বুধবার বিকেলে সিরাজগঞ্জের তাড়াশ থেকে গ্রেফতার করেছে বগুড়া ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত ডি,জে শাকিল তাড়াশ উপজেলা কৃষক লীগের সভাপতি গোলাম মোস্তফার ছেলে ও তাড়াশ উপজেলা যুবলীগের সহসভাপতি।
গ্রেফতারকৃত অপর দুজন হলেন- রিশান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির লিমন একই উপজেলার কুসুম্বি গ্রামের আব্দুল মালেকের ছেলে। অপরজন হলেন রিশান গ্রুপের এডমিন অফিসার সাইফুল ইসলাম। তিনি নওগাঁ জেলার অধিবাসী।
বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে তাড়াশ উপজেলার পরিষদের গেটে রিশান গ্রুপের কার্যালয় থেকে তাদেরকে গ্রেফতার করেছে।
বগুড়া ডিবি পুলিশের ওসি ইমরান মাহমুদ তুহিন জানান, ডি জে শাকিল বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্রিকায় সরকারি-বেসরকারি চাকরির চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বেকার যুবকদের চাকরি দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন।
এছাড়াও বিভিন্ন ব্যাংক থেকে ব্যবসা-বাণিজ্য, বাড়ি নির্মাণসহ বড় বড় লোন পাইয়ে দেওয়ার কথা বলেও অনেক সহজ সরল মানুষকে প্রতারণা করে সর্বশান্ত করে পথে বসিয়েছেন।
আর প্রতারণার কাজে বিশ্বাস অর্জনের জন্য এমপি, মন্ত্রীদের নামও ব্যবহার করতেন। চাকরি না পেয়ে টাকা ফেরত চাওয়া হলে উল্টো তাদেরকে নানারকম ভয়-ভীতি হুমকি দেওয়া হতো।
এছাড়াও ৫৭ টা অনলাইন পত্রিকার মালিক বলে নিজেকে দাবি করতেন ডি জে শাকিল। বগুড়ায় দায়ের করা প্রতারণা ও ডিজিটাল মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এসময় প্রতারণার কাজে ব্যবহৃত কম্পিউটারসহ বেশকিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন ডিবি পুলিশের এই কর্মকর্তা।