বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে এক নারীকে রিসোর্টে নিয়ে ধর্ষণ করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলো পাবনার চাটমোহর থানার দুতিয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে জাহিদ হাসান জনি (২৫) ও গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ি উত্তরপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে রাকিব হাসান (২৭)।
তাদেরকে মঙ্গলবার আদালতে চালান করা হয়েছে।
জেলার জয়দেবপুর থানার এসআই উম্মুল খায়ের পান্না জানান, জাহিদ চাকরি দেওয়ার কথা বলে ১৯ বছর বয়সী বিবাহিত নারীকে সোমবার সকালে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে সদর উপজেলার রুদ্রপুর এলাকার শ্যামলি নামে রিসোর্টের একটি কক্ষে নিয়ে গিয়ে জনি ও রাকিব মেয়েটিকে ধর্ষণ করে।
এ ঘটনায় সোমবার গভীর রাতে জয়দেবপুর থানায় মামলা করেন ওই নারী। পরে রাতেই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ আরও জানায়, মেয়েটির স্বামী একটি পোশাক কারখানার শ্রমিক। তারা সদর উপজেলার মনিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
জনি মেয়েটির পূর্ব পরিচিত। জনি এক সময় স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতো। চাকরি চলে গেলে রাকিবদের বাড়ি থেকে তাদের গবাদি পশু দেখাশুনা করতো।