বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের কাঁচামাল দিয়ে ভেজাল তেল তৈরি দায়ে সদর উপজেলার বনবাড়িয়া এলাকায় ৪ তেল মিল মালিককে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সদর উপজেলার বনবাড়িয়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ওই এলাকার ৪টি তেল মিলে সরিষার তেলের মধ্যে পাম ওয়েল ও সয়াবিন তেল মিশিয়ে বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তেল মিলগুলোতে অভিযান চালিয়ে তথ্যের প্রমাণ পাওয়ায় মিলগুলো সিলগালা করে দেয়।
এ সময় ভেজাল মিশ্রিত তেল তৈরি ও বিক্রির দায়ে ৪ মিল মালিককে মোট ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে জেলা সেনেটারি ইন্সপেক্টর আলী নেওয়াজ চৌধুরী ও র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ উপস্থিত ছিলেন।