আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস রাজশাহী: মাদকদের সাথে সম্পৃক্ত কোনো সদস্য পুলিশ বাহিনীতে থাকবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর ডিআইজি অফিসে গণমাধ্যম কর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
আব্দুল বাতেন বলেন, পুলিশের কোনো সদস্য মাদকাসক্ত হোক কিংবা মাদক সরবরাহের কাজে যুক্ত থাকলে তাদের পুলিশ বাহিনীতে কোনো স্থান নেয়। এটা আপনাদের নিশ্চিত করে বলতে পারি।
অন্ততপক্ষে রাজশাহী রেঞ্জে থাকতে পারবে না এটা নিশ্চিত। যদি তার বিরুদ্ধে মাদকাসক্তের কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে তিনি পুলিশ পরিচয় দেওয়ার অধিকার হারাবেন।
আব্দুল বাতেন আরো বলেন, পুলিশের কোনো সদস্যদের বিরুদ্ধে পুলিশের ভাবমূর্তি নষ্টের কোনো প্রমাণ পেলে তার বিরুদ্ধে যথাযথ শাস্তি প্রদান করা হবে।
রাজশাহী রেঞ্জের ডিআইজি বলেন, আমি অন্ততপক্ষে এটা নিশ্চিত করতে পারি যাতে রাজশাহী বিভাগের কোনো অন্যায় না হয়। ন্যায়বিচার আপনারা যথাযথ পান। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে ন্যায়বিচার লঙ্ঘন হলে তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল বাতেন গণ্যমাধ্যম কর্মীদের বলেন, আপনারা সত্য নিউজ করবেন। যাতে সেই নিউজের ভিত্তি ধরে আমরা ব্যবস্থা নিতে পারি।
এসময় রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার মো. শহিদুল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।