বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় তানজিমুল ইসলাম রিয়ন (২২) নামে এক প্রতারক কলেজ ছাত্রের বিরুদ্ধে অন্তত ২০ নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ভিডিও কলের মাধ্যমে তাদের অশ্লীল ছবি ধারণের অভিযোগ উঠেছে।
শুধু তাই নয়; ওইসব ছবি নেটে ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে টাকা ও গহনা হাতিয়ে নেয়া হয়েছে।
বগুড়া পুলিশের সাইবার ইউনিটের একটি দল বৃহস্পতিবার মধ্য রাতে তাকে দুপচাঁচিয়া উপজেলার চৌধুরীপাড়া তিনমাথা থেকে গ্রেফতার করেছে।
এর আগে প্রতারণার শিকার এক নারীর মা তার বিরুদ্ধে সদর থানায় পর্ণগ্রাফী আইনে মামলা করেছেন।
শুক্রবার বিকালে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের কাছে হাজির করে সাতদিনের রিমান্ড চাওয়া হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাইবার ইউনিটের ইন্সপেক্টর ইমরান মাহমুদ তুহিন ও অন্যরা জানান, তানজিমুল ইসলাম রিয়ন নওগাঁ জেলা সদরের চকদেব পাড়ার মৃত তাজুল ইসলাম কবিরাজের ছেলে।
তিনি পার্শ্ববর্তী বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌধুরীপাড়া তিনমাথা এলাকায় নানা আবু সাঈদ ফকিরের বাড়িতে থাকেন। রিয়ন দুপচাঁচিয়ায় জাহানারা কামরুজ্জামান কলেজে বিবিএস ১ম বর্ষের শিক্ষার্থী।
তিনি সুন্দর চেহারার কারণে অনেক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তার মধ্যে ভিডিও কলের মাধ্যমে অন্তত ২০ জনের অশ্লীল স্থির ও ভিডিও চিত্র তার ফেসবুক আইডির মাধ্যমে ম্যাসেঞ্জারে সংরক্ষণ করেন।
পরবর্তীতে ওইসব ছবি অনলাইনে ছেড়ে দেবার হুমকি দিয়ে ওইসব নারীদের কাছে টাকা ও সোনার গহনা হাতিয়ে নেন।
প্রতারণার শিকার এক নারীর মা বৃহস্পতিবার বিকালে বগুড়া সদর থানায় রিয়নের বিরুদ্ধে পর্ণগ্রাফী আইনে মামলা করেন।
সাইবার পুলিশের একটি চৌকস দল বৃহস্পতিবার রাত ১২.০৫ মিনিটে দুপচাঁচিয়ার চৌধুরীপাড়া তিনমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
তার কাছে নারীদের প্রতারণায় ব্যবহৃত একটি আইফোন-৫, দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে। এ ফোনে ফেসবুকে ম্যাসেঞ্জারে অন্তত ২০ নারীর অশ্লীল স্থির ও ভিডিও চিত্র পাওয়া গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিয়ন প্রেমের ফাঁদে ফেলে ভিডিও কলের মাধ্যমে নারীদের নগ্ন ছবি ধারন ও পরবর্তীতে ব্লাকমেইল করে টাকা এবং গহনা হাতিয়ে নেতার কথা স্বীকার করেছেন।
প্রতারণার আরো তথ্য পেতে শুক্রবার বিকালে তাকে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।