বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউ থেকে এক নবজাতক চুরি করে পালানোর চেষ্টার সময় আটক ফাতেমাতুজ্জোহরা শাওনের (২৭) বিরুদ্ধে মামলা হয়েছে।
নবজাতক শিশুটির মামা আনোয়ার হোসেন সদর থানায় তার বিরুদ্ধে মামলা করেছেন। সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, গ্রেফতার শাওনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে।
অভিযোগে জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দক্ষিণ জয়দেবপুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী খাদিজা বেগম প্রসব ব্যথা নিয়ে গত ২১ সেপ্টেম্বর জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি হন।
রাত ৮টার দিকে তিনি মেয়ে সন্তান প্রসব করেন। প্রসূতির অবস্থা আশংকাজনক হওয়া চিকিৎসকরা তাকে বগুড়া শজিমেক হাসপাতালে রেফার্ড করেন।
২২ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে তাকে গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়। তার অবস্থার আরো অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
গত ২৭ সেপ্টেম্বর বেলা ১ টার দিকে বগুড়া শহরের চকফরিদ এলাকার মৃত আবদুস সাত্তার মন্ডলের মেয়ে ফাতেমাতুজ্জোহরা শাওন সেখানে আসে। তিনি ছয়দিন বয়সী ওই শিশুকে কোলে নিয়ে আদর করতে থাকেন।
একপর্যায়ে ফাতেমাতুজ্জোহরা শিশু নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় গাইনী ওয়ার্ডের লোকজন টের পেয়ে চিৎকার করতে থাকেন।
শিশুসহ শাওনকে আটক করে হাসপাতালের আনসার সদস্যের কাছে সোপর্দ কর হয়। পরে সদর থানা পুলিশ সেখানে গিয়ে শাওনকে গ্রেফতার করেন।
সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, ধারণা করা হচ্ছে এ ঘটনার সাথে হাসপাতালের কোন টেকনিশিয়ান জড়িত আছে।
এ ব্যাপারে শিশুর মামা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রঘুনাথপুর গ্রামের আনোয়ার হোসেন সোমবার বগুড়া সদর থানায় শাওনের বিরুদ্ধে মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সন্তান চুরির কথা স্বীকার করেন। তবে এ ঘটনায় হাসপাতালের কে জড়িত তা বলতে অস্বীকৃতি জানায়।