বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পৌর এলাকার এনায়েতপুর আদর্শ গ্রামে ঋণের টাকার সুদ দিতে না পারায় সোমা রানী দাস নামে হতদরিদ্র এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে।
নির্যাতিত গৃহবধূ সোমা রানী দাস এনায়েতপুর আদর্শ গ্রামের সঞ্জীব দাসের স্ত্রী। এ নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর মামলা দায়ের ও সুদের ব্যবসায়ী দিপ্তী বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, উক্ত আদর্শগ্রামের আব্দুল কাদেরের মেয়ে সুদের ব্যবসায়ী দিপ্তী বেগমের কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ নেয় সোমা রানী দাস।
আর্থিক অস্বচ্ছলতার কারণে সময়মতো সুদের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় সোমা। সুদের টাকা না পাওয়ায় গতকাল বুধবার দুপুরে সোমা রানীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে প্রভাবশালী দিপ্তী বেগম ও তার লোকজন।
স্থানীয় কয়েক যুবক এ নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন।
এমন নির্যাতনের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ওসি ঘটনাস্থলে গিয়ে নির্যাতিত গৃহবধূ সোমাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
বিকেলে নির্যাতিত সোমা রানী দাস বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা দায়েরের পর প্রধান আসামি দিপ্তী বেগমকে গ্রেফতার করা হয়েছে।
ওই এলাকার অত্যন্ত প্রভাবশালী সুদের ব্যবসায়ী দিপ্তী বেগম দীর্ঘদিন ধরে হতদরিদ্র মানুষের অভাবের সুযোগে মোটা সুদে ঋণ দেয়। তারা সূদের টাকা দিতে ব্যর্থ হলেই বিভিন্নভাবে নির্যাতন চালানো হয়।
দিপ্তীকে গ্রেফতারের পর এলাকাবাসী অভিযোগ এমন করেছেন বলে জানান ওসি ।