বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে আলু মজুদ ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুটি হিমাগার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজার নেতৃত্বে আদালত শুক্রবার দুপুরে এ জরিমানা করে।
আদালত সূত্র জানায়, সরকারি নির্দেশ সত্ত্বেও অবৈধভাবে আলু মজুদ ও অধিক দরে বিক্রি করায় অভিযোগ পেয়ে শুক্রবার দুপুরে শিবগঞ্জের শাহ সুলতান কোল্ড স্টোরেজ ও আফাকু কোল্ড স্টোরেজে অভিযান চালানো হয়।
এ সময় শাহ সুলতান কোল্ড স্টোরেজের মালিককে ৪০ হাজার টাকা ও আফাকু কোল্ড স্টোরেজের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী এ জরিমানা করা হয়। অভিযানে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।