বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে মৌসুমি রোপা আমন ধানের এবার বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যেই আগাম জাতের ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে।
সেইসাথে বাজারে নতুন এ ধানের দাম ও কদর থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। এক/দুই সপ্তাহের মধ্যে পুরোদমে ধান কাটা শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার জেলার ৯টি উপজেলায় প্রায় ৬৮ হাজার ৪’শ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ লক্ষ্যমাত্রার চেয়ে আমন ধান কিছুটা বেশি চাষাবাদ করা হয়েছে।
কৃষকরা বিনা-৭, ব্রি-৪৯, ৫০, রনজিৎ, স্বর্না, মামুন, কাটারী ভোগ, আতপ জাতের ধান চাষাবাদ করা হয়েছে। এরমধ্যে উফশি ও হাইব্রিড ধানের চাষাবাদ বেশি করা হয়েছে।
সবচেয়ে বেশি ফলন হয়েছে জেলার শষ্য ভান্ডার খ্যাত তাড়াশ, কামারখন্দ, উল্লাপাড়া, রায়গঞ্জ ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে।
ধানের দাম বেশি থাকায় আগাম জাতের ধানের চাষাবাদ করা হয়। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ২ লাখ মেট্রিক ট্রন। বন্যায় জমির মাটি উর্বর ও আবহাওয়া অনুকূলে থাকায় এবার এ ধানের ফলন ভালো হয়েছে।
স্থানীয় কৃষকরা বলছে, অগ্রহায়ণ মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিক থেকে এই ধান কাটা ও মাড়াই শুরু হয়ে থাকে। কিন্তু এবার বেশ আগেই আগাম জাতের ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। বর্তমানে হাট-বাজারে প্রতিমণ ধান ১১৫০ টাকা থেকে ১২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এ ধান বিক্রি করে চাষিরা পরবর্তী ফসল আলু ও সরিষা চাষের অর্থ যোগান দিচ্ছেন।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক (ডিডি) কৃষিবিদ আবু হানিফ বলেন, বন্যা পরবর্তীতে এবার আবহাওয়া অনুকুলে ও রোগ বালাইয়ের আক্রমণ না থাকায় এ ধানের বাম্পার ফলন হয়েছে। প্রাকৃতিক কোন দুর্যোগ না ঘটলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি জানান।