বাংলা হেডলাইনস খুলনা: খুলনার পাইকগাছায় লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদরাসার সুপারকে গ্রেফতার করেছে থানাপুলিশ।
এ ঘটনায় বুধবার (০২ ডিসেম্বর) ভিকটিমের নানী বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। পুলিশ ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, কয়রা উপজেলার খিরোল গ্রামের মৃত আব্দুল হাকিম সরদারের ছেলে মো: হাবিবুর রহমান (৫৫) পাইকগাছা উপজেলাধীন লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার হিসেবে প্রায় দেড় বছর চাকরি করছেন।
গত সোমবার ৬টার দিকে মাদরাসার পার্শ্ববর্তী ছাত্রীর বাড়িতে যায় এবং তাকে মাদরাসায় এসাইনমেন্ট আনার জন্য বলে চলে আসে। মেয়েটি ৮টার দিকে মাদ্রাসায় গেলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার নিজ রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে আসলে মেয়ের নানী এলাকাবাসীর সহায়তায় থানায় এসে জানায়। পাইকগাছা থানা ওসির নির্দেশে মাদরাসার সুপার হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে থানায় আনে।
সুপার হাবিবুর রহমান জানান, কমিটি নিয়ে দ্বন্দ্বে আমাকে ফাঁসানো হয়েছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, ধর্ষণের অভিযোগে সুপারকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।