বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের র্যাব-১২ সদস্যরা রাজধানী ঢাকার রামপুরা এলাকা অভিযান চালিয়ে ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধারসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো মো: শফিকুল ইসলাম (৫০), মো: জহিরুল হক (৪৯), মো: মজিবুর রহমান (৩৯), মো: দুলাল (৪৮) ও মো: মোখলেছুর রহমান (৩৮)।
র্যাব -১২’র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর রামপুরা থানার নতুন বাগ এলাকায় বাসা ঘ/১, ব্লক-বি, নতুন বাগ, ১নং লোহার গেইট, থানা রামপুরা (খিলগাঁও ভূতের গলির কাছে) অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো: মশিউর রহমানের নেতৃত্বে র্যাবের আভিযানিক দল অভিযান চালিয়ে আর্ন্তজাতিক চোরাচালান চক্রের উল্লেখিত ৫সদস্যকে গ্রেফতার করেছে।
পরবর্তীতে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে কাঁচের জারে সংরক্ষিত অবস্থায় ১২ পাউন্ড (কাঠের বক্স এর ভিতর ০৬ কাচের জারসহ) সাপের বিষ পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৮৫ কোটি টাকা।
এছাড়াও তাদের সাথে থাকা সাপের বিষ সংক্রান্ত সিডি এবং সাপের বিষের ম্যানুয়াল বই উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় একটি নিদিষ্ট গোষ্ঠির কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা থাকায় অধিক মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করে আসছে।
গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ আর্ন্তজাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া
গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।